রোম, ইতালি থেকে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ কে সামনে রেখে দেশের পাশাপাশি প্রবাসেও বিরাজ করছে নির্বাচনী উচ্ছ্বাস। এরই ধারাবাহিকতায় ইউরোপের দেশ ইতালিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স তাদের সর্বশেষ গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা কার্যক্রম সম্পন্ন করেছে।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) ইতালির রাজধানী রোমে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মদের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির অংশ হিসেবে রোমের বিভিন্ন বাংলাদেশি অধ্যুষিত এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং নির্বাচনকেন্দ্রিক আলোচনা অনুষ্ঠিত হয়।
গণসংযোগকালে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়—বাংলাদেশে অবস্থানরত তাদের পরিবার ও স্বজনরা যেন নির্বাচনের দিন যথাসময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ১১ দলীয় জোটকে ভোট প্রদান করে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণে কাজ করে আসছে। বিশেষ করে ভোটার নিবন্ধন কার্যক্রম, সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রক্রিয়াগত সহায়তার মাধ্যমে ইতালিতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক রাসেল মুহাম্মদ বলেন, “প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা আমরা স্পষ্টভাবে পাচ্ছি। আগামী নির্বাচনে দেশের মানুষ যেন সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিতে পারে—সে ক্ষেত্রে বাংলাদেশে বসবাসরত প্রবাসীদের পরিবার-পরিজনরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “নির্বাচন-পরবর্তী সময়েও প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও আত্মমর্যাদা রক্ষায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে।”
গণসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য শেখ তারিকুল ইসলাম, রোমের আঞ্চলিক সংগঠক মুজাদ্দেদ আল মামুন, শাহরিয়ার বিন জেবিন, মাহমুদুল হাসান রিয়াদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।