ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সরাসরি সংঘাতের পাশাপাশি শুরু হয়েছে তীব্র তথ্যযুদ্ধ। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের পাল্টা হামলায় অন্তত ২০০ মার্কিন সেনা হতাহত হয়েছে। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এ দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নাকচ করেছে।
রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম তাস নিউজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে তেহরান দাবি করছে। একই সঙ্গে সেন্টকমের একটি রণতরী গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তারা জানায়। ইরান এই অভিযানকে ‘অপারেশন ট্রুথফুল প্রমিজ ৪’-এর গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে তুলে ধরছে।
অন্যদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে সেন্টকমের এক মুখপাত্র ইরানের সব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। তার ভাষ্য, ২০০ মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার দাবি সম্পূর্ণ অসত্য, এমনকি কোনো মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও সঠিক নয়।
সেন্টকম জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ইরানি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত মার্কিন বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো প্রমাণ নেই।