১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জরুরি বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এবং সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, উত্তেজনা এড়িয়ে চলা এবং অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক বিরোধ ও উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যে যেতে ইচ্ছুক এবং বর্তমানে বিভিন্ন স্থানে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের প্রবেশের অনুমতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটি দেশ ইতিবাচক সাড়া দিয়েছে।

সরকার জানায়, দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের সহায়তা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে উদ্ভূত সমস্যাগুলো দ্রুত সমাধান করা যায়। তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী এবং ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, মধ্যপ্রাচ্যে আলোচনা-প্রক্রিয়ার ব্যর্থতা ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে যে, প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন অপরিহার্য। সংঘাত কখনও স্থায়ী সমাধান বয়ে আনে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা ও আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতির মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান সম্ভব।

বাংলাদেশ সব পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা পরিহার এবং দ্রুত কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার পক্ষে নিজেদের নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি শান্তি পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

এদিকে শনিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন। তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন।