১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পায়ের রগ কেটে যুবদল নেতা খুন, জড়িত ছাত্রদল নেতা নিহত যুবদল নেতা মো. মুরাদ খাঁ

খুলনায়  দিঘ‌লিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ খাঁ নিহত হয়েছেন। তিনি ওই এলাকার মুনসুর খাঁর ছেলে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদসহ ৪-৫ জন মুরাদের পথরোধ করে হামলা চালায়। আত্মরক্ষার্থে মুরাদ বক্সিবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেন। হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে পুনরায় তার ওপর আক্রমণ করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তার দাবি, স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরাই এ ঘটনায় জড়িত। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মুরাদের মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, হত্যাকারী যে-ই হোক, তার রাজনৈতিক পরিচয় বিবেচ্য নয়। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।