২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

পোস্টাল ব্যালটে ৪ লাখ ৩২ হাজার প্রবাসীর ভোট সম্পন্ন

প্রথমবারের মতো এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন প্রবাসী ভোটার ইতোমধ্যে ভোট প্রদান সম্পন্ন করেছেন।

বুধবার এ তথ্য জানান প্রবাসী ভোটার নিবন্ধন–সংক্রান্ত ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী ভোটারদের জন্য ইস্যু করা ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট সংশ্লিষ্ট প্রবাসীদের কাছে পৌঁছেছে।

এর মধ্যে ৪ লাখ ৯৯ হাজার ৩২৮ জন প্রবাসী ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৩২ হাজার ৯৮৯ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন। ভোটারদের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা পড়েছে ৩ লাখ ৭৯ হাজার ৫৭৯টি ব্যালট। এসবের মধ্যে বাংলাদেশে এখন পর্যন্ত পৌঁছেছে ২৯ হাজার ৭২৮টি পোস্টাল ব্যালট।

সালীম আহমাদ খান আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

এসএস