২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের দ্বারপ্রান্তে নারী দল; পাঁচ ম্যাচে টানা জয়

আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিয়েছে নিগার সুলতানার নেতৃত্বাধীন দল। নেপালের মুলপানিতে এই জয়ের ফলে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে সংগ্রহ করে ১৬৫ রান, যা নারী টি–টোয়েন্টিতে তাদের চতুর্থ সর্বোচ্চ দলীয় স্কোর। জবাবে থাইল্যান্ড নারী ক্রিকেট দল ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানের বেশি করতে পারেনি।

বিশ্বকাপের সমীকরণ এখন বাংলাদেশের পক্ষে। আজ নেদারল্যান্ডস যদি যুক্তরাষ্ট্রকে হারায়, তবে আজই বাংলাদেশের মূল পর্ব নিশ্চিত হবে। অন্যথায় সুপার সিক্সের বাকি দুই ম্যাচের একটিতে জয় পেলেই কিংবা একটি ম্যাচ পরিত্যক্ত হলেও বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে।

সুপার সিক্স পর্বে এখন পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে তিন জয়ে তাদের পয়েন্ট ৬। গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া পয়েন্ট যোগ হওয়ায় অবস্থান আরও শক্ত হয়েছে। সেরা চার দল জায়গা পাবে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর মূল পর্বে।

ব্যাটিংয়ে শুরুটা ধাক্কা খেলেও জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারির ১১০ রানের জুটি বাংলাদেশের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। জুয়াইরিয়া করেন ৫৬ রান, আর ৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতেন সোবহানা। শেষদিকে রিতু মনির ঝোড়ো ১৫ রান দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেয়।

বোলিংয়ে মারুফা আক্তার ৩ উইকেট নেন, রিতু মনি ও স্বর্ণা আক্তার পান ২টি করে উইকেট। শুরু থেকেই চাপে পড়ে থাইল্যান্ড, শেষ পর্যন্ত তারা লক্ষ্যের কাছাকাছি যেতে পারেনি।

সব মিলিয়ে টানা পঞ্চম জয় বাংলাদেশের নারী দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে, আর বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন প্রায় বাস্তব।

এসএস