২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনীতি

‘সড়কে তোলা অর্থকে চাঁদা বলার সুযোগ নেই, এটি সমঝোতার ভিত্তিতে’: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

‘সড়কে তোলা অর্থকে চাঁদা বলার সুযোগ নেই, এটি সমঝোতার ভিত্তিতে’: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম

সড়কে পরিবহন খাতে মালিক-শ্রমিক সংগঠনের নামে তোলা অর্থকে ‘চাঁদাবাজি’ হিসেবে দেখেন না সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, এই অর্থ সমঝোতার ভিত্তিতে তোলা হয় এবং কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়, তাই একে জোরপূর্বক আদায় বলা যায় না। তবে এভাবে তোলা অর্থ অতিরিক্ত কি না, তা সরকার খতিয়ে দেখবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন সরকার জনবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা নিচ্ছে। অগ্রাধিকার খাতে রয়েছে—রেল সম্প্রসারণ, সড়কে শৃঙ্খলা ফেরানো, খাল পুনঃখনন এবং সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা।

ঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী। মহাসড়কে বাজার বসা ও অনিয়ন্ত্রিত পার্কিং বন্ধেও পদক্ষেপের কথা বলেন তিনি।

রেল খাতে ইঞ্জিন ও বগির ঘাটতির কারণে অনেক প্রকল্প চালু হয়নি উল্লেখ করে মন্ত্রী বলেন, টেন্ডার প্রক্রিয়ায় সমন্বয় আনা এবং দেশে ইঞ্জিন-বগি তৈরি সম্ভব কি না, তা পরীক্ষা করা হচ্ছে। চট্টগ্রাম-ঢাকা রুটে যাত্রাসময় কমানো এবং ঈদে অতিরিক্ত যাত্রী ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার নির্দেশনাও রয়েছে।

পদ্মা সেতুর টোল আদায়ে কোনো বকেয়া নেই দাবি করে তিনি বলেন, আসন্ন ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমাতে আগের সফল মডেল অনুসরণ করা হবে। গার্মেন্টস কারখানায় আগাম ছুটির প্রস্তাবও বিবেচনায় নেওয়া হচ্ছে।

বিমানবন্দর-গাজীপুর বিআরটি প্রকল্প নিয়ে প্রাথমিকভাবে প্রশ্ন থাকলেও ব্যয় ও ঋণ জটিলতার কারণে তাৎক্ষণিক সিদ্ধান্ত সম্ভব নয় বলে জানান মন্ত্রী। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, জনস্বার্থের ক্ষেত্রে দলীয় প্রভাব সহ্য করা হবে না; স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করেই মন্ত্রণালয় পরিচালিত হবে।