১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের ধর-পাকড়

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সেলাঙ্গর রাজ্যের বালাকং ও শাহ আলমে অবস্থিত দুটি শিল্প প্রাঙ্গণে পরিচালিত “মেগা অপস”-এ ১৩৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। বুধবার সকাল ১১টায় শুরু হওয়া এই সমন্বিত অভিযানে অংশ নেয় বিভিন্ন সংস্থার মোট ১৪৫ জন কর্মকর্তা। অভিযানে সহযোগিতা করে রয়্যাল মালয়েশিয়া কাস্টমস ডিপার্টমেন্ট, অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়, পরিবেশ বিভাগ এবং মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন।

জনসাধারণের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ১৬২ জনকে যাচাই-বাছাই করা হয়। পরে তদন্তে দেখা যায়, আটক ১৩৩ জনের বয়স ২০ থেকে ৪৫ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, ভিয়েতনাম এবং চীন-এর নাগরিক।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিবাসন আইনের লঙ্ঘনের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে বৈধ পরিচয়পত্র না থাকা, পাসের শর্ত ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ অবস্থায় থাকা এবং জাল পরিচয়পত্র ব্যবহারসহ অন্যান্য অপরাধ।
অভিযান চলাকালে রয়্যাল মালয়েশিয়া কাস্টমস বিভাগ ট্যাক্সমুক্ত সিগারেট ও মদও জব্দ করে।

এ বিষয়ে জাকারিয়া বিন সাবান জানান, ২০২৫ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অবৈধ বিদেশি কর্মী নিয়োগের দায়ে ২,২৮৬ জন নিয়োগকর্তার বিরুদ্ধে জরিমানা আরোপ করা হয়েছে।
তিনি আরও বলেন, ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন বিধিমালা ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালানবিরোধী আইন ২০০৭ অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে, ইমিগ্রেশন বিভাগ সাধারণ জনগণ ও নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেন। অন্যথায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।