১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও সেনাবাহিনীতে রদবদল, বদলি ৬ গুরুত্বপূর্ণ পদে ছবি: সংগ্রহীত

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে আবারও গুরুত্বপূর্ণ রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত রবিবারও সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও আটটি পদে পরিবর্তন আনা হয়েছিল।

সর্বশেষ আদেশ অনুযায়ী, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এ পদে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের স্থলাভিষিক্ত হচ্ছেন। অন্যদিকে, লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে এনডিসিতে বদলি করা হয়েছে।

এছাড়া, সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের (এমআইএসটি) মেজর জেনারেল মো. নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মেজর জেনারেল মোহাম্মদ হোসেন আল মোরশেদকে ১৯ পদাতিক ডিভিশন থেকে সরিয়ে সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিক এরিয়ার জিওসি হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি আরও আটজন সেনা কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।

সেই রদবদলে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।