১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা

বিসিবিতে বুলবুল অধ্যায়ের ইতি, তামিমের হাতে নতুন অ্যাডহক কমিটির নেতৃত্ব

বিসিবিতে বুলবুল অধ্যায়ের ইতি, তামিমের হাতে নতুন অ্যাডহক কমিটির নেতৃত্ব ছবি: বিসিবি/ফেসবুক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে নানা অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। এর ভিত্তিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

মঙ্গলবার এনএসসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির পরিচালক (উপসচিব) মোহাম্মদ আমিনুল এহসান জানান, এনএসসি নীতিমালা ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিনি তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

এহসান আরও জানান, বুলবুলের বোর্ড ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কেও ই-মেইলের মাধ্যমে জানানো হয়েছে। নতুন এই কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।

উল্লেখ্য, বিসিবির সাম্প্রতিক নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ তদন্তের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গত মাসে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার দুই দিনের মধ্যেই এনএসসি এই পদক্ষেপ নেয়।

নতুন অ্যাডহক কমিটির সদস্যরা হলেন: তামিম ইকবাল (প্রধান), ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলি খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাসনা ইমাম।