জুলাই-আগস্টে সংঘটিত একটি হত্যা মামলায় কারাবন্দী কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছেন।
এদিকে পাঁচ মামলায় কারাবন্দী থাকা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিন পেয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক পাঁচটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন বাংলাদেশ হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ হাইকোর্টের বিচারপতিগণ এ রায় দেন।
জানা যায়, ২০২৪ সালের ২০ আগস্ট হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে বদিকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। তিনি পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ৯ মে নারায়ণগঞ্জ দেওভোগের বাড়ি থেকে সিটি করপোরেশনের সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। গত বছরের ২০ জুলাই পোশাককর্মী মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরকসহ মোট ছয়টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর থেকে আইভী কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন। এর মধ্যে একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে তাঁকে অব্যাহতি দেন।