১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

হাতকড়া নিয়ে ক্ষোভ, মাসুদ উদ্দিন নিজেকে ‘দেশপ্রেমিক’ দাবি ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত

ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শনিবার এই আদেশ দেন।

এর আগে মাসুদ উদ্দিন চৌধুরীকে প্রথম দফায় ৫ দিন (২৪ মার্চ) ও দ্বিতীয় দফায় ৬ দিন (২৯ মার্চ) রিমান্ডে নেওয়া হয়েছিল। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে।

তৃতীয় দফার রিমান্ড আবেদনে বলা হয়েছে, পূর্বের জিজ্ঞাসাবাদে সময়ের সীমাবদ্ধতার কারণে গুরুত্বপূর্ণ তথ্য পুরোপুরি পাওয়া যায়নি। বিশেষ করে বিদেশে পাঠানো শ্রমিকদের তথ্য, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাইয়ের জন্য আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

আদালতে হাজির হওয়ার সময় মাসুদ উদ্দিন চৌধুরী হাতকড়া পরানোর কারণে ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন, “দেশের জন্য কাজ করার কারণে এভাবে হেনস্থা করা হচ্ছে।” তিনি মামলাগুলোকে হয়রানিমূলক বলেও উল্লেখ করেন।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, তদন্ত কর্মকর্তা মূল বিষয়টি না দেখেই অন্য তথ্য উদ্‌ঘাটনে বেশি মনোযোগ দিচ্ছেন। তারা বলেন, বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা না করে বারবার রিমান্ডে নেওয়া হচ্ছে, যা চাপ প্রয়োগের সামিল।