ছবি : ইন্টারনেট থেকে পাওয়া
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে স্বনির্ভর করার লক্ষ্য নিয়েই বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ লক্ষ্য অর্জনে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি আরও বলেন, নদী-খাল খনন, মৎস্য ও পশুপালন এবং কৃষিভিত্তিক এলাকার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতা ছিল, আর তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবেন তারেক রহমান।
আজ লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রাঙ্গণে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষক, শ্রমিক ও জেলেবান্ধব। এ কারণে নদীতে মৎস্য আহরণ নিষিদ্ধকালীন সময়ে আগের তুলনায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই জনগণের পাশে থেকে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন।
তিনি আরও জানান, জনগুরুত্বপূর্ণ দীর্ঘদিনের দাবি পূরণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে তা সারা দেশে চালু করা হবে। পাশাপাশি পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনাও রয়েছে।
জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং পুলিশ সুপার মো. আবু তারেকসহ অন্যান্যরা।