ছবি : ইন্টারনেট থেকে পাওয়া
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১,৫৩২ জন নতুন সদস্য সংগঠনটিতে যোগ দিয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) গাজীপুরের আহনাফ কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য নিশ্চিত করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরের সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম।
তিনি জানান, সারাদেশে বিভিন্ন পেশার মানুষ এনসিপিতে যোগ দিচ্ছেন এবং তারা দলটিকে দেশের জন্য নিরাপদ মনে করছেন। গাজীপুরে যোগ দেওয়া নতুন সদস্যদের মধ্যে ১,০২৮ জন অনলাইনে ফরম পূরণ করেছেন, আর বাকিরা সরাসরি ফরমের মাধ্যমে সদস্যপদ গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, নতুন সদস্যদের অনেকেই পর্যায়ক্রমে এনসিপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিকশক্তির বিভিন্ন কার্যক্রমে যুক্ত হবেন।
এনসিপিতে যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য থেকেই তিনি দলে যোগ দিয়েছেন।
আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার উদ্দেশ্যেই তিনি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।