মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে জার্মানির বার্লিনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক আলোচনা সভা থেকে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানির প্রতিনিধিরা অনুষ্ঠান ত্যাগ করেছেন।
অনুষ্ঠানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তাজুল ইসলাম ও ফাইয়াজ আহমেদ। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করেন।
সভা চলাকালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হয়। এ সময় এনসিপি প্রতিনিধিরা মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের বর্তমান সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন। বিশেষ করে জার্মানিতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের ব্লক অ্যাকাউন্ট সংক্রান্ত ঋণ সুবিধা এবং অ্যাডমিশন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলাপ হয়।
রাষ্ট্রদূত মহোদয় বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বলে জানা যায়। একই দিনে জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর একটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত থাকায় তিনি সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এসব আলোচনা সম্পন্ন করেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে রাষ্ট্রপতির বাণী পাঠ শুরু হলে এনসিপি প্রতিনিধিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। পরবর্তীতে তারা জানান, তাদের এই পদক্ষেপের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, মুক্তিযুদ্ধকে রাজনৈতিক বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার বন্ধ করা এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বাস্তবায়নের দাবি তুলে ধরা হয়েছে।