ছবি : unsplash
টানা চার দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন মূল্য তালিকা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
এর আগে, গত ১ এপ্রিল স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি পেয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। তখন ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বিক্রি হবে।