যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই দফা হামলার পর আলোচনায় না যাওয়ার কথা জানিয়েছে ইরান।
মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ইরান নাকি আলোচনার জন্য আগ্রহ দেখিয়েছে। তবে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি এ দাবি সরাসরি নাকচ করেছেন।
তিনি স্পষ্ট করে দুটি বিষয় উল্লেখ করেন। প্রথমত, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না। দ্বিতীয়ত, বর্তমানে ইরান আত্মরক্ষার অবস্থানে রয়েছে। তিনি আরও বলেন, এই যুদ্ধ ইরান শুরু করেনি; দেশটির সশস্ত্র বাহিনীও সংঘাতের সূচনা করেনি।
গত কয়েক দিনের ইরানের বক্তব্যের সারমর্ম এটাই।
কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আল জাজিরাকে জানান, ইরান ইতোমধ্যে দুই দফা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে। প্রথম দফায় ২০২৫ সালে আলোচনা শুরু হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় তা ভেস্তে যায়।
বর্তমান পরিস্থিতিতেও নতুন করে দুই দফা আলোচনার প্রস্তুতি চলছিল—একটি যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরেকটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে। কিন্তু সেই সময়েই দেশটি আবার হামলার মুখে পড়ে।
এ অবস্থায় চলমান অচলাবস্থার কোনো কূটনৈতিক সমাধান হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
