১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালির পাঁচ শহরে এনসিপির ইফতার মাহফিল

ইতালির পাঁচটি প্রধান শহরে ইফতার মাহফিল আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালি। রাজধানী রোম, ভেনিস, মিলান, জেনোভা ও নাপলিতে একযোগে ইফতার মাহফিল ও বর্ষপূর্তি উদযাপন করেছে সংগঠনটি।

রবিবার (১৫ মার্চ) আয়োজিত এ অনুষ্ঠানে ইতালিতে বসবাসরহ এনসিপির নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

রোমে সংগঠনের আহ্বায়ক রাসেল মুহাম্মদের নেতৃত্বে, ভেনিসে সদস্য সচিব সালাউদ্দিন আকনের নেতৃত্বে, নাপলিতে ছাত্র সচিব শ্রাবণের নেতৃত্বে এবং জেনোভায় পলিসি সচিব গোলাম কিবরিয়ার নেতৃত্বে পৃথকভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার এবং বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সংগঠনের আহ্বায়ক রাসেল মুহাম্মদ বলেন, প্রবাসী বাংলাদেশিরা ২৪ জুলাইয়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই ধারাবাহিকতায় প্রবাসীদের দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার লক্ষ্যেই এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স কাজ করে যাচ্ছে। তিনি জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বিলম্বের সমালোচনা করে বলেন, দ্রুত বাস্তবায়নে উদ্যোগ না নিলে প্রবাসীরা আবারও আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।

ভেনিসের ইফতার মাহফিলে সদস্য সচিব সালাউদ্দিন আকন বলেন, আমাদের সংগঠন সবসময় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা, অধিকার ও আত্মমর্যাদা রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছে।

যুগ্ম সদস্য সচিব নাহিদ ইবনে জিহাদ বলেন, জুলাই প্রবাসীদের আবেগের জায়গা, সেই আবেগকে অবমূল্যায়ন করার সুযোগ নেই।

সিনিয়র সদস্য তরিকুল ইসলাম প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ও সমাধানের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

রোমের অনুষ্ঠানে সিনিয়র সদস্য শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং কার্যনির্বাহী সদস্য মুজাদ্দেদ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুব সচিব মো. মেহেদী হাসান, রোম শহরের আঞ্চলিক সংগঠক শাহরিয়ার বিন জেবিন আমিন, নুর হোসেন সৈকত, কার্যনির্বাহী সদস্য আশরাফ আহমেদ, মাহমুদুল হাসান রিয়াদসহ বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী ব্যক্তিত্ব, প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক ও মিডিয়া প্রতিনিধিরা।

ভেনিস শহরের অনুষ্ঠান পরিচালনা করেন যোগাযোগ সচিব হাসিবুল ইসলাম। এছাড়াও ইতালির বিভিন্ন শহর থেকে সংগঠনের সদস্য ও নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।