১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরিক

উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া – আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক

উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া – আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক ছবি : সিটিজেন ভয়েস

মালয়েশিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল ২০২৬) কুয়ালালামপুরের বাংছারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে সাধারণ সদস্য, অ্যাড-হক কমিটির সদস্য এবং সেলাংগর কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় সংগঠনের আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতারা বক্তব্য দেন। তারা একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ায় বাংলাদেশকে প্রভাবশালী অবস্থানে নিতে প্রবাসীদের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

সভায় উপস্থিত সদস্যরা নিজেদের মতামত তুলে ধরেন এবং জাতীয় নাগরিক পার্টির আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা আরও জানান, মালয়েশিয়ায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে আগামীর কর্মপন্থা নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানের শেষে একটি উন্নত ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।