১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীতে কিশোর গ্যাং সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর, আটক ১ ছবি : ইন্টারনেট থেকে পাওয়া

নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে লাঠির আঘাতে মো. সেলিম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৌরীপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা পরে মারামারিতে রূপ নেয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী সেলিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে গেলে কিশোররা ক্ষিপ্ত হয়ে তার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর উত্তেজিত জনতা ধাওয়া করে রাজু (১৬) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, মারামারি থামাতে গিয়ে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় এক কিশোরকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।