ছবি : সিটিজেন ভয়েস
যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সহযোগী সংগঠন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সে ইউএসএ এর উদ্যোগে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় অবস্থিত কিং কাবাব রেস্টুরেন্ট এ ইফতার মাহফিল ও এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপিত হয়েছে।
গত ১ মার্চ, রোববার বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে যুক্তরাষ্ট্র এনসিপির নেতাকর্মী এবং কমিউনিটির বিভিন্ন স্তরের শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও সম্মিলিত দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়ায় বিশেষভাবে স্মরণ করা হয় শহীদ উসমান হাদীসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের। পাশাপাশি এনসিপি’র যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে এনসিপি’র এক বছরের পথচলা ও অর্জন নিয়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র এনসিপির সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন সাইমন। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান মুখ্য সংগঠক মো. হাসান সিদ্দিক। এছাড়াও বক্তব্য দেন আরিফ ইকরাম, জনপ্রিয় ব্যান্ড প্রমেথিউস-এর কণ্ঠশিল্পী বিপ্লব এবং যুক্তরাষ্ট্র এনসিপির প্রিয়মুখ মো. জহিরুল ইসলাম মুকুল।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এনসিপি’র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের ভার্চুয়াল উপস্থিতি। তিনি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সবশেষে যুক্তরাষ্ট্র এনসিপির নারী নেতৃবৃন্দ কেক কেটে এনসিপি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, গত এক বছরে যুক্তরাষ্ট্র এনসিপি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ঐক্য, সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক, ধর্মীয় ও কমিউনিটি-কেন্দ্রিক কার্যক্রম অব্যাহত রাখার
প্রত্যয় ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
