২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Rome Water Dialogue-এ যোগ দিতে রোমে রেজায়ে রাব্বি জায়েদ ছবি: সিটিজেন ভয়েস

রোম, ইতালি: জাতিসংঘের World Food Forum (WFF)-এর Rome Water Dialogue-এ অংশগ্রহণের উদ্দেশ্যে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রেজায়ে রাব্বি জায়েদ। তাঁর আগমন উপলক্ষে ইতালি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

গত ৯ অক্টোবর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি রোমের ফিউমিচিনো (Fiumicino) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইতালি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের নেতাকর্মী ও প্রতিনিধিরা ফুলের তোড়া এবং ভালোবাসার মধ্য দিয়ে তাঁকে বরণ করে নেন।

ইতালি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক রাসেল মুহাম্মাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানবন্দরে উপস্থিত থেকে তাঁকে অভ্যর্থনা জানায়। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোম আঞ্চলিক কমিটির আহ্বায়ক শেখ তারিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদুল হাসান রিয়াদ, সিনিয়র সদস্য জনাব সোহেলসহ সংগঠনের আরও অনেকে।

এ সময় উপস্থিত প্রতিনিধিরা তাঁর ইতালি সফরের সাফল্য কামনা করেন এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণকে ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ইতালি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আশা প্রকাশ করেছে, রেজায়ে রাব্বি জায়েদের এই ইতালি সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে। একই সঙ্গে তাঁর আন্তর্জাতিক পর্যায়ের এই অংশগ্রহণ প্রবাসী বাংলাদেশি যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বৈশ্বিক বিভিন্ন বিষয়ে তরুণদের অংশগ্রহণ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত করবে।

উল্লেখ্য, জাতিসংঘের World Food Forum-এর সঙ্গে সংশ্লিষ্ট Rome Water Dialogue-এ অংশগ্রহণের মধ্য দিয়ে পানি, খাদ্যনিরাপত্তা ও টেকসই উন্নয়নসংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।