ছবি: ইন্টারনেট থেকে
অস্ত্র প্রদর্শনের ঘটনায় প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীকেও জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। তাঁর ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী নিজের দায়িত্ব পালনের পরিবর্তে সংবিধান নিয়ে ব্যস্ত রয়েছেন।
দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর পূর্ব বাড্ডা নিমতলা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ইশরাক হোসেন ফৌজদারি অপরাধ করেছেন। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করলেও তাঁকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশবাসী তাকিয়ে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কবে পদত্যাগ করবেন। তিনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।’ তাঁর অভিযোগ, একজন ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছা, অনুরোধ বা নির্দেশনায় দেশ পরিচালিত হচ্ছে, যা গণতন্ত্র ও আইনের শাসনের দৃষ্টান্ত নয়।
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন অভিযোগের জবাবে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধন কমিটির নামে সরকার নাটক করছে। তাঁর দাবি, দেশের মানুষ এ কমিটি প্রত্যাখ্যান করেছে। দলীয় ঘরানার বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত এ কমিটির মাধ্যমে বিএনপি নিজেদের পছন্দের সংস্কারের পক্ষে বক্তব্য তুলে ধরছে।
মন্দির পরিদর্শনের সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে নিতে হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন বলেন, দেশে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। ইশরাক-সংক্রান্ত ঘটনাটির মধ্য দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা আবারও সামনে এসেছে। যেসব সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক প্রবেশ করে, সেসব পথে মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
তাঁর মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।
ইশরাক হোসেনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাকে দায়ী করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, মাদক নির্মূলের উদ্যোগে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কারণে ইশরাককে বিপাকে পড়তে হয়েছে। তাঁর ভাষ্য, ‘সমস্যাটা তো স্বরাষ্ট্রমন্ত্রীর। গুলি কেন খেলেন ইশরাক ভাই? স্বরাষ্ট্রমন্ত্রী দোষ করেন, আরেকজন সেই পাপের ভোগান্তিতে পড়েন।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, ইশরাকের ঘটনাটি মূলত স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতারই প্রতিফলন।