২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রতিনিধি তিতুমীর কলেজের জায়েদ ছবি: সিটিজেন ভয়েস

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন সরকারি তিতুমীর কলেজের রসায়ন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ রেজায়ে রাব্বি জায়েদ। ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তরে অনুষ্ঠিত ‘Rome Water Dialogue’ এবং ইউরোপীয় ইউনিয়নের ‘Erasmus+’ কর্মসূচির আওতায় স্পেনে আয়োজিত ‘Democracy Camp’-এ অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের সম্ভাবনা তুলে ধরেছেন।

সম্প্রতি ইতালির রোমে এই মাসের ৮ তারিখ থেকে ১৬ তারিখ  FAO সদর দপ্তরে অনুষ্ঠিত ‘Rome Water Dialogue’-এ সক্রিয়ভাবে অংশ নেন জায়েদ। বৈশ্বিক পানি সংকট, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই সমাধান নিয়ে আয়োজিত এই সংলাপে তিনি তরুণদের দৃষ্টিভঙ্গি ও বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরেন। পাশাপাশি, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও টেকসই খাদ্যব্যবস্থা নিয়ে কাজ করা ‘World Food Forum’-এ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পান তিনি।

ইতালির পর স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ভিক শহরে অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী ‘Democracy Camp’-এ অংশ নেন জায়েদ। ইউরোপীয় ইউনিয়নের ‘Erasmus+’ কর্মসূচির আওতায় আয়োজিত এই ক্যাম্পে প্রায় ২৮টি দেশের নির্বাচিত তরুণ নেতৃত্বের সঙ্গে যুক্ত হন তিনি। আয়োজনে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের বিষয়টিকে তাঁর আন্তর্জাতিক সম্পৃক্ততার একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে।

ক্যাম্পে পানি নিরাপত্তা, টেকসই খাদ্যনিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের কার্যকর অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়। এসব বিষয়ে আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি নিজের বক্তব্য তুলে ধরেন জায়েদ। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বও উঠে আসে এসব আলোচনায়।

আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা সম্পর্কে রেজায়ে রাব্বি জায়েদ বলেন, “বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণদের সঙ্গে একই মঞ্চে কাজ করা এবং পানি, পরিবেশ ও খাদ্যনিরাপত্তার মতো বৈশ্বিক সংকটগুলোতে বাংলাদেশের তরুণদের প্রতিনিধিত্ব করতে পারা অত্যন্ত গর্বের। এই অর্জন আগামীতে আন্তর্জাতিক তরুণ নেতৃত্ব তৈরিতে তিতুমীর কলেজসহ সারা দেশের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।”

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা তুলে ধরার প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান জায়েদ। তাঁর এই আন্তর্জাতিক অভিজ্ঞতা দেশের তরুণদের বৈশ্বিক সংলাপ, নেতৃত্ব বিকাশ ও টেকসই উন্নয়নমূলক উদ্যোগে অংশগ্রহণে উৎসাহ জোগাবে বলে আশা করা হচ্ছে।