বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচিত হলে কী কী করবে, তা কেবলই প্রতিশ্রুতি নয়।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে তরুণদের সাথে এক পলিসি ডায়ালগে তিনি এসব কথা বলেন। আগামীর বাংলাদেশে তরুণদের ভাবনা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশ ও তরুণদের নিয়ে ভাবনা ও পরিকল্পনা তুলে ধরতে এ আয়োজন করা হয়।
বিএনপি একটি রাজনৈতিক দল তাই প্রতিশ্রুতি দিয়ে পূরণ করতে না পারলে জন সমর্থন হারাবে। কোনো রাজনৈতিক দলই চায় না জনসমর্থন হারাতে। তাই যেসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কেবলই প্রতিশ্রুতি দেওয়ার জন্যই নয়, বাস্তবায়নের জন্য। সরকার গঠন করতে পারলে দুর্নীতি রোধে কাজ করার কথাও জানান তিনি।
নির্বাচিত হলে স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ করা হবে, যার ৮০ থেকে ৮২ শতাংশ নারী হেলথ কেয়ারার। এসব প্রশিক্ষিত হেলথ কেয়ারাররা সারাদেশে ছোটখাটো সাধারণ স্বাস্থ্য সমস্যার সমাধান দিবে। যাতে করে সামান্য সমস্যা নিয়েও কাউকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা মেডিকেল কলেজ হাসপাতালে দৌঁড়াতে না হয়। ক্ষুদ্র ঋণ প্রাপ্তি সহজ করতে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা যাতে সহজে ঋণ পায় সেজন্য ঋণদান সংক্রান্ত আইনগুলো শিথিল করার পরিকল্পনা বিএনপির রয়েছে বলে জানান তিনি।
জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খননের বিকল্প নেই উল্লেখ করে নির্বাচিত হলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে বলেও জানান তারেক রহমান।
তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বিএনপি চেয়ারম্যান বলেন, নির্বাচিত হলে বায়ুদূষণ রোধে ৫ বছরে ৫০ কোটি গাছ রোপণ করা হবে।
চাঁদাবাজি প্রসঙ্গে তারেক রহমান বলেন, যারা প্রফেশনালি ক্রিমিনাল তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর যারা বেকারত্ব থেকে অপরাধে জড়িয়েছে সেই সমস্যা সমাধানে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
যারা মধ্যপ্রাচ্যে কাজের সন্ধানে যাচ্ছে তাদের ভ্যালু বাড়াতে ভোকেশনাল ট্রেনিং এ আরবী ভাষা কোর্স চালুর ব্যবস্থা করার পরিকল্পনা বিএনপির রয়েছে বলেও ডায়ালগে বলেন তিনি।
তরুণদের সাথে ডায়ালগ শেষে মহানগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপি আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। জনসমাবেশকে কেন্দ্র করে এরইমধ্যে পলোগ্রাউন্ড মাঠে নগরীর ও চট্টগ্রামের আশপাশের বিভিন্ন উপজেলা থেকে নেতা-কর্মীরা এসে ভীড় করেছেন।
এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রায় ২০ বছর ৭ মাস পর চট্টগ্রামে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।