পবিত্র রমজানকে সামনে রেখে সময় পরিবর্তন করে ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমীতে আয়োজিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এর আগে ২০ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা ছিল। তবে রমজান মাসের কারণে ঈদের পর মেলা আয়োজনের দাবি তুলেছিলেন প্রকাশকদের একাংশ। অন্যথায় অংশগ্রহণে অনাগ্রহের কথাও জানান তারা।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনই দুই মন্ত্রী বাংলা একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যা ৬টায় বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী। এতে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রকাশক প্রতিনিধিরা।
সভায় মহাপরিচালক আসন্ন বইমেলার প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। পরে প্রকাশকদের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এক পর্যায়ে সংস্কৃতিমন্ত্রী ঘোষণা দেন, এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এ সিদ্ধান্তকে ইতিবাচক ও সময়োপযোগী বলে অভিহিত করেছেন প্রকাশকরা।
মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় বইমেলাকে সফল করতে হবে এবং দেশের সাহিত্য-সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভা শেষে জানানো হয়, অমর একুশে বইমেলা ২০২৬ চলবে ১৫ মার্চ পর্যন্ত। যেসব প্রকাশনা প্রতিষ্ঠান এখনও স্টল বরাদ্দ নেয়নি, তারা বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন করতে পারবে। সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ দেওয়া হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে একুশে পদক।