আজ মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স।
এটি ছিল প্রথমবারের মতো প্রবাসীদের পক্ষ থেকে কোনো সংগঠনের একুশের প্রথম প্রহরে ঢাকায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর উদ্যোগ। রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ন্যায় প্রবাসীদের প্রতিনিধিত্বকারী এই সংগঠন ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে এবং ১৯৫২ সালের ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করে।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক সাইফ সরোয়ার।পরে তিনি বলেন, বাংলা ভাষার ইতিহাস ও তাৎপর্য বিশ্বের বিভিন্ন দেশে উপস্থাপনে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম। এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া লিড আহমেদ বিন রিয়াজ, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফিনল্যান্ডের আহ্বায়ক আহাদ শিকদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
প্রবাসীদের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি ভাষা আন্দোলনের চেতনাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে এবং জাতীয় ইতিহাসের প্রতি প্রবাসী বাংলাদেশিদের গভীর সম্পৃক্ততার বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হয়েছে।