আজ ২১শে ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে কাতারের রাজধানী দোহা-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাস দোহা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করেছে।
একুশের প্রথম প্রহরে দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দূতাবাসের কনফারেন্স রুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
দোহায় অবস্থিত দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত হযরত আলী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কাতারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা, প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা।
আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, মাতৃভাষা বাংলার ইতিহাস, তাৎপর্য ও সঠিক ব্যবহার বিশ্বদরবারে তুলে ধরতে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরতেও দূতাবাসের কার্যক্রম অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ অনুষ্ঠানে এনসিপি কাতার ডায়াস্পোরা-এর পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শহীদুল আলম, সদস্য সচিব এস এম কবির, মুখ্য সংগঠক আরফানুল হক, মিডিয়া লিড আরমান খান এবং আঞ্চলিক সমন্বয়ক আতাউর রহমান।