ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ স্থগিতের ঘোষণা দিয়েছে কুয়েত। পবিত্র রমজান মাসজুড়ে মুসল্লিরা নিয়মিত তারাবি আদায় করে থাকেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একযোগে বড় ধরনের হামলা চালায় ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে, যার প্রভাব কুয়েতেও পড়েছে বলে জানা গেছে।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ২০১ জন নিহত হওয়ার তথ্য দিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।
ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ-কে দেওয়া বক্তব্যে সংস্থাটির এক মুখপাত্র জানান, দেশের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টিতে হামলা হয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।
তিনি আরও জানান, হামলাকবলিত এলাকায় উদ্ধারকাজে রেড ক্রিসেন্টের ২২০টির বেশি দল কাজ করছে।