১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

এনসিপি ডায়াস্পোরা প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাবে: রাসেল মুহাম্মদ

এনসিপি ডায়াস্পোরা প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাবে: রাসেল মুহাম্মদ ছবি : সিটিজেন ভয়েস

“আপনার ধর্মের প্রতি পূর্ণ সম্মান রেখে আমরা আমাদের ধর্ম পালন করি”—এই ব্যানারকে সামনে রেখে ইতালির রাজধানী রোমে খোলা মাঠে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিল।
রবিবার (৮ মার্চ) রোমের বাংলা অধ্যুষিত তরপিনা তারা এলাকার লালন পার্কে এই উন্মুক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রায় হাজারখানেক দেশি-বিদেশি মুসলমান ও নন-মুসলমান অংশগ্রহণ করেন।

বিশ্বের মুসলমানদের রমজান ও ইফতার সংস্কৃতি বিদেশিদের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে ধুমকেতু অ্যাসোসিয়েশন এই উন্মুক্ত ইফতারের আয়োজন করে।

ধুমকেতু অ্যাসোসিয়েশনের কর্ণধার নূরে আলম সিদ্দিক বলেন, প্রত্যাশার চেয়েও বেশি মানুষের অংশগ্রহণ হয়েছে। বিশেষ করে মা-বোন, শিশু-কিশোর এবং ইতালীয়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি আয়োজনে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করা এবং সরাসরি অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই আয়োজনে এনসিপি ডায়াস্পোরা ইতালি আর্থিক ও শারীরিকভাবে সরাসরি অংশগ্রহণ করে এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপি ডায়াস্পোরা ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মদ বলেন, এনসিপি ডায়াস্পোরা পরিবার

প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক যেকোনো প্রয়োজনে পাশে রয়েছে এবং প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করে যাবে।

তিনি আগামী ১৫ মার্চ রবিবার এনসিপি ডায়াস্পোরা ইতালির ইফতার মাহফিলে দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
ইফতার শুরুর আগে এক পুরোহিত ও গির্জার ফাদার বক্তব্য দেন। পরে ইমাম সাহেব বিশ্ব শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন এবং তার মধ্য দিয়ে ইফতার শুরু হয়।

ছবি : সিটিজেন ভয়েস