১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাস

ঢাকা এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল: ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল: ভোগান্তিতে যাত্রীরা ছব: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা প্রায় এক মাসে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা গেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশি বিদেশি মিলিয়ে মোট ৭৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়। এ সময় প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। সবচেয়ে বেশি বাতিল হয় ২ মার্চ (৪৬টি), ১ মার্চ (৪০টি) এবং ৩ মার্চ (৩৯টি)। পরে সংখ্যা কিছুটা কমলেও দৈনিক গড়ে ২০–৩০টি ফ্লাইট বাতিল হতে থাকে।

২৬ মার্চও বিভিন্ন এয়ারলাইনসের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে, ফলে মোট বাতিল সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৫।

তবে সংকটের মধ্যেও কিছু রুটে সীমিত আকারে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে। বিশেষ করে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইট ধীরে ধীরে বাড়ছে। ২৮ ফেব্রুয়ারি যেখানে মাত্র ৬টি ফ্লাইট চলেছিল, সেখানে ১৫ মার্চ ৪৯টি এবং ২৪ মার্চ ৫০টি ফ্লাইট পরিচালিত হয়। ২৬ মার্চও ৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে—এর মধ্যে মাস্কাটে ৮টি, সৌদি আরবে ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতে ২০টি।

দুবাই, আবুধাবি ও শারজাহ রুটে সবচেয়ে বেশি ফ্লাইট পরিচালিত হচ্ছে। শ্রমবাজারের চাহিদা ও প্রবাসী যাত্রীদের কথা বিবেচনায় বিকল্প রুট ব্যবহার করে এসব ফ্লাইট চালু রাখা হয়েছে।

সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ১,০১৫টি।

তবে বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভোগান্তি এখনো কাটেনি। সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা অব্যাহত থাকবে।