১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মার্চের ২৪ দিনেই প্রবাসী আয় ৩ বিলিয়ন ডলারের বেশি ছবি : unsplash

পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণ অর্থ পাঠাচ্ছেন। এর ফলে চলতি মার্চ মাসের প্রথম ২৪ দিনেই ৩০০ কোটির (৩ বিলিয়ন) বেশি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, রমজান ও ঈদকে সামনে রেখে বাড়তি কেনাকাটা ও পারিবারিক ব্যয় মেটাতে প্রবাসীরা বেশি অর্থ পাঠানোয় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি তৈরি হয়েছে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ মাসের প্রথম ২৪ দিনে প্রবাসীরা ৩০৫ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) প্রায় ৩৭ হাজার ৫১৫ কোটি টাকা। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা।

এদিকে, ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা ৩০২ কোটি (৩.০২ বিলিয়ন) মার্কিন ডলার পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৭ হাজার কোটি টাকা। গত বছরের একই মাসের তুলনায় এ বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে এই পরিমাণ ছিল ২৫২ কোটি ডলার।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৪ মার্চ পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২,৫০৪ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.১ শতাংশ বেশি। আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২,২৩৮ কোটি ডলার।