১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালির রাজধানী রোমে দেশ টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ছবি সিটিজেন ভয়েস

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম টেলিভিশন চ্যানেল দেশ টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসের অন্যান্য দেশের মতো ইতালির রাজধানী রোমে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দেশ টিভির ১৮ বছরের পথচলার ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপস্থিত অতিথিদের মাঝে প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং দেশ টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কমিউনিটির নেতা মোজাম্মেল হক মোল্লা তার বক্তব্যে বলেন, দেশ টিভি বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি মানবিক বিষয়গুলো আরও গুরুত্ব দিয়ে প্রচার করবে—এটাই সবার প্রত্যাশা

অনুষ্ঠানে দেশ টিভির ইতালি প্রতিনিধি জায়েদুল হক সোহেলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইতালির নেতৃবৃন্দ। সংগঠনের আহ্বায়ক রাসেল মুহাম্মাদ তার বক্তব্যে বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের আয়না। এই আয়নাকে যেন কেউ কলুষিত করতে না পারে, সে বিষয়ে সকল গণমাধ্যমকর্মীকে সতর্ক থাকতে হবে।” তিনি আরও বলেন, কোনো ক্ষমতাসীন গোষ্ঠী বা আর্থিক প্রভাবের কাছে নতি স্বীকার না করে গণমাধ্যমকে তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।

সবশেষে উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে দেশ টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়।