১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের জন্য এনসিপির উদ্যোগে প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন ছবি: এনসিপি

প্রবাসীদের বিভিন্ন সংকটে দ্রুত সহায়তা দেওয়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করেছে একটি “প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল”। এনসিপি এবং এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের যৌথ উদ্যোগে এই সেলটি চালু করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের আহ্বায়ক সাইফ সারোয়ার, সদস্য সচিব নাজমুল বসার এবং প্রধান সংগঠক জোবায়ের আহমেদের অনুমোদনে এই সেল গঠন করা হয়েছে।

এনসিপির পক্ষ থেকে কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন ডা. মাহমুদা মিতু ও মাহাবুব আলম। এছাড়া রাজনৈতিক লিয়াজোঁ উপদেষ্টা হিসেবে ফয়সাল মাহমুদ শান্ত, আইনি উপদেষ্টা অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রশাসনিক সমন্বয়ক আয়মান রাহাত, জেলা ও উপজেলা সমন্বয়ক রাসেল মোল্লা এবং মানবাধিকার বিষয়ক সমন্বয়ক হিসেবে নাভিদ নওরোজ দায়িত্ব পালন করছেন। সদস্য হিসেবে যুক্ত রয়েছেন শাহরিয়ার শাকিল ও ফাতিমা তুজ জোহরা মৈতি।

এদিকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে প্রধান সমন্বয়ক করা হয়েছে হোসাইন রেজওয়ান হিমেল (ফ্রান্স)। সহকারী প্রধান সমন্বয়ক এস এম কবির ফরহাদ (কাতার) এবং আঞ্চলিক প্রধান সমন্বয়ক মেহেদী হাসান (কুয়েত) দায়িত্বে রয়েছেন। এছাড়া জরুরি সাড়া ও অপারেশন সমন্বয়ক আমজাদ হোসাইন (নরওয়ে), আইনি-প্রশাসনিক ও তহবিল ব্যবস্থাপনা সমন্বয়ক মেহেদী মোহাম্মদ (যুক্তরাজ্য), কল্যাণ, প্রশিক্ষণ ও কাউন্সেলিং সমন্বয়ক নাইমুর মাহের (কানাডা), যোগাযোগ ও গণমাধ্যম সমন্বয়ক নিহাল হোসাইন (অস্ট্রেলিয়া), নারী ও শিশু সুরক্ষা সমন্বয়ক চম্পা আক্তার (রাশিয়া) এবং মানবিক সহায়তা সমন্বয়ক আজহার উদ্দিন সৈকত (মালয়েশিয়া) রয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, এই সেলের মাধ্যমে প্রবাসীরা নানা ধরনের সহায়তা পাবেন। এর মধ্যে রয়েছে—জরুরি অসুস্থতা, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিক সহায়তা, প্রবাসী পরিবার ও সন্তানের নিরাপত্তা নিশ্চিতকরণ, বুলিং ও সাইবার বুলিং প্রতিরোধ, আইনি ও প্রশাসনিক পরামর্শ, মানবিক সহায়তা ও তহবিল সংগ্রহ, মৃত প্রবাসীর মরদেহ দেশে পাঠাতে সহায়তা, দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়, শিক্ষা ও ক্যারিয়ার পরামর্শ, মানসিক স্বাস্থ্য সহায়তা, নারী ও শিশুদের নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল গোপনীয়তা বিষয়ে নির্দেশনা এবং মানব পাচার প্রতিরোধে সহায়তা।

এছাড়া ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন চালু রয়েছে। ইমেইল (crisis.ncpda@gmail.com) অথবা হোয়াটসঅ্যাপ নম্বর (+৩৩৭৫৪২৪৫৫৫৫, +৪৭৪৬৩৯৮৯৫৮, +৯৭৪৫৫৩৩১৮০৯)-এর মাধ্যমে প্রবাসীরা জরুরি সহায়তার জন্য যোগাযোগ করতে পারবেন।

কমিটির প্রধান সমন্বয়ক হোসাইন রেজওয়ান হিমেল বলেন, “প্রবাসীরা একে অপরের আপনজন। একজনের কষ্ট মানে সবার কষ্ট। এই বিশ্বাস থেকেই আমরা একত্রিত হয়েছি। আমাদের লক্ষ্য—সংকটে যেন কোনো প্রবাসী একা না থাকে। সহমর্মিতা, ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে আমরা সবসময় প্রবাসীদের পাশে থাকতে চাই।”