ছবি : ইন্টারনেট থেকে পাওয়া
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪ দশমিক ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮১ বিলিয়ন ডলার।
এদিকে, চলতি বছরের মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়েছে। মাসটির ৩১ দিনে প্রবাসীরা মোট ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন, যা একক মাসে সর্বোচ্চ।
রেমিট্যান্সের খাতভিত্তিক হিসাব অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলারের বেশি। বিশেষায়িত দুটি ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬৪ কোটি ডলার, আর বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ১ কোটি ২০ হাজার ডলার।
সামগ্রিকভাবে, প্রবাসী আয়ের এই রেকর্ড প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।