১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাগরিক

গণমাধ্যমকর্মীদের নির্যাতনের ঘটনার তালিকা প্রস্তুত করছে সরকার: তথ্যমন্ত্রী

গণমাধ্যমকর্মীদের নির্যাতনের ঘটনার তালিকা প্রস্তুত করছে সরকার: তথ্যমন্ত্রী চিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সরকার গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একইসঙ্গে অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর সংঘটিত নির্যাতনের ঘটনাগুলোর তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় পাবনা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে বইমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাত্র দেড় মাস আগে দায়িত্ব গ্রহণ করলেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গণমাধ্যমের সর্বোচ্চ দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব অংশীদারের সঙ্গে আলোচনা চলছে এবং সবার মতামতের ভিত্তিতে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, অতীতে গণমাধ্যমের ওপর যেসব নির্যাতন চালানো হয়েছে, তা ছিল ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সেই পরিস্থিতি থেকে উত্তরণের পর এখন গণতন্ত্রকে সুসংহত করতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষা অত্যন্ত জরুরি।

তথ্যমন্ত্রী জানান, নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীদের ঘটনার তালিকা প্রস্তুতের কাজ চলছে। এতে সাংবাদিক প্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে এবং এসব অপরাধ কোনোভাবেই তামাদি হতে দেওয়া হবে না।