এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে ইমামদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ফেনী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মুনিরা হক। তিনি বলেন, ভোটারদের গণভোটে উদ্বুদ্ধ করা ইমামদের একটি গুরুত্বপূর্ণ নৈতিক দায়িত্ব।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার আয়োজনে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে এক ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী জেলার পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উপপরিচালক মো. নাজমুস সাকিব।
বক্তারা বলেন, আসন্ন গণভোট ও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মাধ্যমে সহজেই গণভোটের বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া সম্ভব।
ইসলামিক ফাউন্ডেশন ফেনী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার প্রায় ৭৫০ জন ইমাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সিভিল সার্জন, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা তথ্য কর্মকর্তা ছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
শেষে জেলা ইমাম সমিতির সভাপতি মো. ইয়াছিনের বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।