ছবি : ইন্টারনেট থেকে পাওয়া
দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ব্যাংকগুলোর অফিস সময় ও লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের পরিবর্তিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নতুন সময়সূচি অনুযায়ী, রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংকিং লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, এবং অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।
তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখাগুলো আগের নিয়ম অনুযায়ী সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি করা ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে।
এর আগে গত ২ এপ্রিল সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়। নতুন সময়সূচি অনুযায়ী, রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করবে।