১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ছবি সিটিজেন ভয়েস

নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন করা হয়েছে। গত ১০ এপ্রিল, শুক্রবার অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এনসিপি যুক্তরাষ্ট্রের সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন (সাইমন) কনসাল জেনারেল মোজাম্মেল হককে এনসিপি নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানান।

পরবর্তীতে কনসাল জেনারেল মোজাম্মেল হকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিনি তাঁর বক্তব্যে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য, মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস এবং প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে এনসিপি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সদস্য সচিব ডা. মো. আবদুল মোহাইমিন (সাইমন), মুখ্য সংগঠক মো. হাসান সিদ্দিক, মিডিয়া ও যোগাযোগ সচিব হাসিবুল কবির মাহিন এবং নির্বাহী সদস্য রাকিব উদ্দিন, রাহাত আলম ও মাহমুদুল কবির অনিক।

এ সময় এনসিপি নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের ধারাবাহিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংগীতশিল্পী ও বিনোদন জগতের ব্যক্তিত্বদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও বর্ণাঢ্য।

শেষ পর্যায়ে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। দেশাত্মবোধক গান ও পরিবেশনার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমের এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত সবাই এ পরিবেশনা উপভোগ করেন এবং আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দিনটি প্রবাসে উদযাপন করতে পেরে এনসিপি যুক্তরাষ্ট্র সন্তোষ ও গর্ব প্রকাশ করেছে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানানো হয়।