ছবি : অনলাইন থেকে নেওয়া
প্রায় দুই মাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করেছে ইরান। শনিবার (২৫ এপ্রিল) থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইল সামরিক হামলার পর ইরান নিজেদের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।
দুই সপ্তাহ আগে পাকিস্তানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। বর্তমানে দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ চলছে। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদে অবস্থান করছেন। একই সময়ে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারও পাকিস্তানের রাজধানীর পথে রয়েছেন।
পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতায় এর আগে দেশটির বিভিন্ন বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালু করা হয়। সর্বশেষ আন্তর্জাতিক ফ্লাইট চালুর মাধ্যমে আকাশপথে যোগাযোগ আংশিকভাবে স্বাভাবিক হলো।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, তেহরান থেকে প্রথম দফার ফ্লাইটগুলো তুরস্কের ইস্তাম্বুল, ওমানের মাসকাট এবং সৌদি আরবের মদিনার উদ্দেশে ছেড়ে গেছে।