১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গণভোটের রায় পুনর্বহাল করতে হবে – এনসিপি ডায়াস্পোরা কানাডা ছবি. সিটিজেন ভয়েস

কানাডার টরোন্টো শহরের ঐতিহাসিক ড্যানফোর্থ শহীদ মিনার প্রাঙ্গণে গণভোটের রায় বাতিলের প্রতিবাদে এবং রায় পুনর্বহালের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে “এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স কানাডা”। এতে কানাডাপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, গণভোটের রায় বাতিল করা গণতন্ত্র, জনগণের মতামত ও সাংবিধানিক অধিকারের প্রতি অবজ্ঞা প্রদর্শনের শামিল। জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে দেওয়া রায়কে অস্বীকার করা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে গ্রহণযোগ্য হতে পারে না বলেও তারা মন্তব্য করেন।

বক্তারা অবিলম্বে গণভোটের রায় পুনর্বহালের দাবি জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।

এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স কানাডার আহ্বায়ক রোকেয়া পারভীন বলেন, প্রবাসে অবস্থান করলেও বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় তারা সবসময় সোচ্চার থাকবেন। দেশের যেকোনো অন্যায়, অবিচার ও জনগণের রায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিশ্বব্যাপী প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবেন বলেও তিনি জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় “জনগণের রায় মানতে হবে”, “গণতন্ত্রের কণ্ঠরোধ চলবে না”, “ভোটাধিকার হরণ বন্ধ করো”, “গণভোটের রায় পুনর্বহাল করো” ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি দেশে ও বিদেশে অব্যাহত থাকবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স কানাডার মুখ্য সংগঠক সৈয়দ মিল্টন রেজা, বিশিষ্ট লেখক মহিউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার রেজা সাত্তার, আবু সেলিম আহমেদ, মনির আহমেদ, মাহির আশরাব, আবরার ইবনে মিজান, জান্নাতুন নূর লিজা, শামীমা সানি সহ আরও অনেকে।

শেষে বক্তারা সকল গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জনগণের ন্যায্য দাবি আদায়ে চলমান আন্দোলনে সমর্থন ও অংশগ্রহণের অনুরোধ জানান।