২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৫৫ ডেঙ্গু, ছবি: প্রতীকী

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৫৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মৃত দুজনের একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং অন্যজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে আগস্ট—বছরের প্রথম আট মাসের মোট মৃত্যুর তুলনায় এক মাসেই মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে।

এদিকে, ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭০ হাজার ১০৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ৬৪ হাজার ৮২৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছিল আগস্টে—৪৩ জন। এর আগে জুলাইয়ে মারা যান ৩৬ জন। আগস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০ হাজার ৫৩৬ জন। চলতি সেপ্টেম্বরেই এ সংখ্যা ইতিমধ্যে ৩১ হাজার ৫২১ ছাড়িয়েছে।

কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদেরা আগেই আশঙ্কা করেছিলেন, সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়াতে পারে। সেই আশঙ্কা ইতিমধ্যে সত্যি হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, রোগীর সংখ্যা কমছে না, কারণ মশার সংখ্যাও কমছে না। তাঁর আশঙ্কা, চলতি মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০ হাজারে পৌঁছাতে পারে। অক্টোবরেও সংক্রমণ ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে তিনি মনে করছেন। তাঁর মতে, আগামী মাসেও ডেঙ্গু পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা কম।