ঢাকার ইউনূস সেন্টারে ইন্দোনেশীয় প্রতিনিধিদল।
ক্ষুদ্রঋণ, আর্থিক অন্তর্ভুক্তি ও সামাজিক ব্যবসা নিয়ে পরামর্শ ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে ইন্দোনেশিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার ইউনূস সেন্টারে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্তিয়াওয়াতির নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলটি অধ্যাপক ইউনূসের সঙ্গে দীর্ঘ সময় মতবিনিময় করে।
বৈঠকে ক্ষুদ্রঋণ কর্মসূচি, আর্থিক অন্তর্ভুক্তি, তরুণ উদ্যোক্তা, কৃষি এবং সামাজিক ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইন্দোনেশিয়ার সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এসব উদ্যোগ দেশটির বাস্তবতায় কীভাবে প্রয়োগ করা যেতে পারে, সে বিষয়ে অধ্যাপক ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শ জানতে চান প্রতিনিধিদলের সদস্যরা।
এ সময় প্রতিনিধিদলের পক্ষ থেকে অধ্যাপক ইউনূসকে ইন্দোনেশিয়া সফরের আমন্ত্রণ জানানো হয়। দেশটির সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন কমিউনিটির সঙ্গে তার অভিজ্ঞতা ও ধারণা বিনিময়েরও অনুরোধ করা হয়।
কৃষিনীতি বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা অধ্যাপক স্যাম হেরোডিয়ান ইন্দোনেশিয়ার কৃষিমন্ত্রীর শুভেচ্ছা অধ্যাপক ইউনূসের কাছে পৌঁছে দেন। একই সঙ্গে কৃষিমন্ত্রীর পক্ষ থেকেও তাকে ইন্দোনেশিয়া সফরের পৃথক আমন্ত্রণ জানানো হয়।
প্রতিনিধিদলে ছিলেন কৃষি সহযোগিতা ব্যুরোর প্রধান ড. আদে চান্দ্রাদিজায়া, দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রধান হারিওয়ান পুজা উইলাপা, আইপিবি ইউনিভার্সিটির গ্লোবাল কানেক্টিভিটি, কো-অপারেশন অ্যান্ড অ্যালামনাইয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. ইস্কান্দার, ঢাকায় ইন্দোনেশিয়া দূতাবাসের তৃতীয় সচিব রোব্বি ফিরলি হারখা এবং অর্থনৈতিক বিষয়ক কর্মকর্তা আছমাদ চানিফুদ্দিন।
মতবিনিময়কে স্বাগত জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার প্রসারে সরাসরি অভিজ্ঞতা অর্জন, মাঠপর্যায়ে পরিদর্শন এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে শেখার গুরুত্ব রয়েছে। তিনি যেকোনো সামাজিক ব্যবসা বা ক্ষুদ্রঋণ উদ্যোগে তরুণদের অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন।
তিনি বলেন, তরুণদের সমাজে অবদান রাখার সুযোগ দিতে হবে, যাতে তারা নিজেদের শক্তি ও উদ্যমকে ইতিবাচক পরিবর্তনের কাজে কাজে লাগাতে পারে।
বৈঠকে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ এবং গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক তাসমিনা রহমানও উপস্থিত ছিলেন।