সামানজার সাঈদ
বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর বিশ্বমঞ্চে অংশ নিতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হচ্ছেন সামানজার সাঈদ। শনিবার ঢাকা ছাড়বেন তিনি। রোববার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেবেন বাংলাদেশের এই সুন্দরী।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের প্রস্তুতি, অভিজ্ঞতা এবং লক্ষ্য নিয়ে কথা বলেন সামানজার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা এই তরুণী জানান, কৌতূহল থেকেই তিনি প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। তবে প্রথমবারেই বিজয়ীর মুকুট জিতে নেওয়া ছিল তার জীবনের অন্যতম বড় অর্জন।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে সামানজার বলেন, ‘আমার সবচেয়ে বড় লক্ষ্য হলো আত্মবিশ্বাসের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে নিজের সেরাটা উপস্থাপন করা। এতদিনে যা শিখেছি এবং যে অভিজ্ঞতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটাই আমার জন্য সবচেয়ে বড় গর্ব।’
তিনি জানান, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’ শিরোপা জয়ের পর থেকে ব্যক্তিত্ব বিকাশ, আন্তর্জাতিক উপস্থাপনা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক দক্ষতা নিয়ে নিবিড় গ্রুমিং সেশনে অংশ নিয়েছেন। এসব প্রশিক্ষণ তার আত্মবিশ্বাস ও প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করেছে।
পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই গান, নাচ এবং খেলাধুলার প্রতি আগ্রহ ছিল সামানজারের। তিনি টানা চার বছর কথক ও ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ নিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার কারণে কিছু সময় সৃজনশীল চর্চা থেকে দূরে থাকতে হয়েছে। এখন পড়াশোনা শেষ করে আবারও নিজের আগ্রহের জায়গাগুলোতে সময় দিতে চান তিনি। পাশাপাশি ভালো গল্প ও শক্তিশালী চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতে অভিনয়েও কাজ করার ইচ্ছার কথাও জানান।
গত ১১ জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামানজার সাঈদের নাম ঘোষণা করা হয়। বিদায়ী ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫’ আকলিমা আতিকা কনিকার হাত থেকে তিনি বিজয়ীর মুকুট গ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব অর্জন করেন লাবিবা মনজুর।
আগামী ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের হো চি মিন সিটিতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনার লক্ষ্য নিয়েই বিশ্বমঞ্চে নামছেন সামানজার সাঈদ।