সিফাত আব্দুল্লাহ
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি এবং অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাতের এক মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশের একপর্যায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে আপত্তিকর ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। প্রাথমিকভাবে তথ্য যাচাই-বাছাই শেষে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য যাচাই করা হচ্ছে।
জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, সিফাত আব্দুল্লাহর কথাবার্তা ও বিভিন্ন কর্মকাণ্ড পর্যালোচনা করে কার্যক্রম নিষিদ্ধ একটি গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততার সন্দেহ পাওয়া গেছে। এ কারণে তাকে আটক করে বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে।
এদিকে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর-২ আসনে গত জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাসের খান।
তিনি বলেন, সিফাত বিদ্যুৎ বিল ও জ্বালানি সংকটের মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেছেন। বক্তব্যের সময় তার কিছু শব্দচয়ন সামাজিকভাবে আপত্তিকর হয়ে থাকতে পারে। তবে এ কারণে একজন তরুণকে গ্রেপ্তারের বিষয়টি মানবাধিকার ও সংবিধানপ্রদত্ত অধিকারের আলোকে বিবেচনা করা প্রয়োজন।
আলী নাসের খান আরও দাবি করেন, সিফাত ইনকিলাব মঞ্চের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তার দাবি, সিফাত বর্তমানে আদমজী কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী।