১১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্দোলনের বদলে গ্যাস-বিদ্যুৎ সংকটে সমাধানের পথ দেখান: রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারকে বিকল্প পরিকল্পনা দিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পাশাপাশি কীভাবে এ সংকটের সমাধান করা যায়, সে বিষয়ে জাতীয় সংসদে পরামর্শ ও বিকল্প পরিকল্পনা তুলে ধরা উচিত।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।”

বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলের একটি সুস্পষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতান্ত্রিক চর্চার অংশ হলেও সংকট সমাধানে গঠনমূলক পরামর্শ দেওয়াও প্রয়োজন।

রিজভী বলেন, “একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।”

অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে আন্তর্জাতিক পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। তার দাবি, এ পরিস্থিতি সরকারের নিজস্ব কোনো কারণে তৈরি হয়নি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, আন্দোলনের সময় সাংস্কৃতিক পরিবেশনাগুলো অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস সৃষ্টি করেছিল।

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অন্যরা।

পরে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।