নেত্রকোণা ২ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনোনীত প্রার্থী মো: ফাহিম রহমান খান পাঠানের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
শনিবার দুপুরে মো: ফাহিম রহমান খান তার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ভিডিও আপলোড করে এ অভিযোগ তোলেন।
ভিডিও ধারণ করার সময় তিনি বলেন, নেত্রকোণা শহরের আঞ্জুমান স্কুলের সামনে টানানো তার ব্যানারটি কে বা কারা ছিঁড়ে নিয়েছে।
সেখানে টানানো ধানের শীষ, লাঙ্গল ও হাতপাখার তিনটি ব্যানার দেখিয়ে বলেন, সব ব্যানার বহাল তবিয়তে থাকলেও আমার ব্যানারটি সরিয়ে ফেলা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
স্থানীয়রা জানান, মো: ফাহিম রহমান খান পাঠান জামায়াত, এনসিপি ও খেলাফত মজলিস সমর্থিত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে এই আসনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন।
কেউ কেউ মনে করেন, নেত্রকোণা ২ আসনে ১১ দলীয় জোটের ব্যাপক প্রচারণা রয়েছে। শাপলা কলির হয়ে ফাহিম পাঠান বিজয় ছিনিয়ে নেয়ার সম্ভাবনা আছে। তাই প্রতিপক্ষের নেতাকর্মীরা প্রতিহিংসাবশত ব্যানার নামিয়ে নিতে পারে।