বাংলাদেশ ব্যাংক
বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতার পর টানা তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তা জোরদার ও সম্ভাব্য সাইবার হামলার ঝুঁকি এড়াতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাইটটি বন্ধ রাখা হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর সংযোগ এবং আর্থিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা সম্ভব হয়নি। সাইটে ঢোকার চেষ্টা করলে রক্ষণাবেক্ষণসংক্রান্ত একটি বার্তা প্রদর্শিত হচ্ছিল।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা পাওয়ার পর ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে সাইটটির নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কাজ চলছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ওয়েবসাইটের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এটি পুনরায় চালু করা হবে না। তবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বাণিজ্যিক ব্যাংকগুলোর যোগাযোগ ও কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি। ওয়েবসাইটটি কবে নাগাদ চালু হতে পারে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি।
এদিকে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যালিফ ও উইজ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে এসব দুর্বলতা শনাক্ত করেছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে সম্ভাব্য সাইবার ঝুঁকি মোকাবিলায় সরকারও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক নিজেদের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। নিরাপত্তা যাচাই ও সুরক্ষা জোরদারের কাজ শেষ হওয়ার পরই ওয়েবসাইটটি পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।