নিউইয়র্ক প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের আয়োজনে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা ও গণদোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক সিটির জ্যামাইকায় শুক্রবার বাদ এশা ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে বিশেষ এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে আগামী ১২ তারিখের নির্বাচন সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বীর শহীদ ওসমান হাদীর হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়। পরে তাঁর স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রমিথিউস ব্যান্ডের জনপ্রিয় সংগীতশিল্পী বিপ্লব অনুষ্ঠানে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবশ্যই সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স যুক্তরাষ্ট্রের সদস্য সচিব ড. মোহাম্মদ মুহাইমিন সাইমন বলেন, আগামী জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করতে দেশে ও বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় প্রবাসে অবস্থানরত ১১ দলীয় জোটের নেতারা নির্বাচনের আগমুহূর্ত পর্যন্ত গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আরও কার্যকর ও সংগঠিত প্রচারণা চালাতে একাধিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন।