১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রেকিং নিউজ
শাপলা চত্বর গণহত্যার বিচার দাবি জানাল হেফাজত

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিচার দাবি জানানো হয়েছে। সংগঠনটি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ওই ঘটনার বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে শহীদদের স্মরণে আগামীকাল মঙ্গলবার সারা দেশে দোয়া ও আলোচনা সভা আয়োজনের ঘোষণা দিয়েছে তারা।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এই দাবি জানান।

বিবৃতিতে হেফাজত নেতারা অভিযোগ করেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে তাদের সমাবেশে তৎকালীন আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে হামলা চালায়। এতে বহু মানুষ নিহত হন এবং অসংখ্য আলেম, হাফেজ ও সাধারণ মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেন বলে তারা দাবি করেন।

তারা আরও জানান, ওই ঘটনার শহীদদের স্মরণে সারা দেশে দোয়া ও আলোচনা সভা আয়োজনের জন্য নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ৫ মে’র ঘটনায় শেখ হাসিনাসহ ৫৪ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। হেফাজত নেতারা এই মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এছাড়া তারা দাবি করেন, ২০১৩ সালের ঘটনার যথাযথ প্রতিবাদ না হওয়ায় পরবর্তীতে ২০২৪ সালের জুলাই মাসে বড় ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে। তারা রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, সেক্যুলার গোষ্ঠীর উসকানি এবং সুশীল সমাজের নীরবতাকে এর জন্য দায়ী করেন।

সরকারকে সতর্ক করে হেফাজত নেতারা বলেন, নাগরিকদের মানবিক মর্যাদা, নিরাপত্তা এবং ধর্মীয় অনুভূতি রক্ষায় ব্যর্থ হলে জনগণ সরকারের প্রতি আস্থা হারাবে।